দশম শ্রেণি উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ (ইন্ডিয়া পোস্ট)। গ্রামীণ ডাক সেবক (GDS) প্রকল্পের আওতায় ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং ডাক সেবক পদে ২৫,০০০-এরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। কেন্দ্রীয় সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না।
কবে থেকে আবেদন
যোগাযোগ মন্ত্রকের অধীন ডাক বিভাগ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত ২৭ অগাস্ট। এর ভিত্তিতে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে আজ, ৩১ অগাস্ট থেকে, যা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ফি জমা-সহ পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ সেপ্টেম্বর থেকে এবং তা শেষ হবে ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টায়। আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল পোর্টাল indiapostgdsonline.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে।
যোগ্যতা ও বয়সসীমা
এই পদগুলির জন্য কোনও বিশেষ উচ্চশিক্ষার প্রয়োজন নেই। স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ প্রার্থীরাই আবেদন করতে পারবেন, তবে দশম শ্রেণিতে অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরেজি বিষয় হিসেবে পড়া থাকতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির জন্য বয়সে ছাড় রয়েছে— তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে তৈরি হবে সিস্টেম-জেনারেটেড মেধা তালিকা। যাঁদের মার্কশিটে শুধু গ্রেড বা গ্রেড পয়েন্ট থাকে, তাঁদের ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতিতে (৯.৫ দিয়ে গুণ করে) তা নম্বরে রূপান্তরিত করা হবে। মেধা তালিকায় নাম ওঠার পর প্রার্থীদের এসএমএস ও ইমেলের মাধ্যমে জানানো হবে এবং নথি যাচাইয়ের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে (শর্টলিস্ট হওয়ার ১৫ দিনের মধ্যে) মূল নথিপত্র ও স্ব-প্রত্যয়িত ফটোকপি নিয়ে হাজির হতে হবে।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীরা পদ অনুযায়ী ভিন্ন বেতন পাবেন। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য মাসিক বেতন ১২,০০০ থেকে ২৯,৩৮০ টাকা, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদের জন্য তা ১০,০০০ থেকে ২৪,৪৭০ টাকার মধ্যে। এছাড়া প্রতি বছর বেতনের ৩ শতাংশ হারে বৃদ্ধিও পাবেন কর্মীরা।
আবেদন ফি
সাধারণ, ওবিসি ও ইডব্লিউএস শ্রেণির পুরুষ প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। মহিলা, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, প্রতিবন্ধী এবং রূপান্তরকামী (ট্রান্সওম্যান) প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
কোথায় শূন্যপদ
দেশের প্রায় সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডাক সার্কেলে এই নিয়োগ হবে— অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, দিল্লি, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তর-পূর্বাঞ্চল, ওড়িশা, পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পশ্চিমবঙ্গ-সহ একাধিক সার্কেলে শূন্যপদ রয়েছে। প্রতিটি সার্কেল ও ডিভিশন অনুযায়ী নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা এখনও চূড়ান্ত করা হয়নি— পদত্যাগ, বদলি, পদোন্নতি প্রভৃতি বিষয়ের ভিত্তিতে তা পরবর্তীতে নির্ধারিত হবে। অরুণাচলপ্রদেশ, গোয়া, সিকিম ও নাগাল্যান্ডে আবেদনকারীদের জন্য স্থানীয় ভাষা সংক্রান্ত বিশেষ শর্তও রাখা হয়েছে।
কীভাবে আবেদন করবেন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল পোর্টাল indiapostgdsonline.gov.in-এ গিয়ে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে আবেদন ফর্ম পূরণ করে ফি জমা দিতে হবে। আবেদন করার আগে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ে নেওয়া এবং সার্কেল-ভিত্তিক শূন্যপদের তালিকা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে পছন্দক্রম বাছাইয়ের সময় কোনও ভুল না হয়।






